পাঁচ বছরের বেশি পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ: আইনমন্ত্রী
পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন থাকা মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কারাবন্দি আসামিদের মামলার বিচার দ্রুত শেষ করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২০তম কার্যদিবসে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন বিচারাধীন থাকা বন্দিদের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইন ও বিচার বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ফৌজদারি মামলার তদন্ত যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ ও সংরক্ষণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং ফরেনসিক ও বিশেষজ্ঞ মতামত সংগ্রহের কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করছেন কগনিজেন্স ম্যাজিস্ট্রেটরা।
তিনি আরও জানান, পাঁচ বছরের বেশি পুরোনো মামলাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া জেলা আইনশৃঙ্খলা সভা এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মাধ্যমে বিচারাধীন বন্দিদের মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।