এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: দুই আসামির ২ দিনের রিমান্ড
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জিআর শাখার উপপরিদর্শক (এসআই) মো. বাহাজ উদ্দিন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) এবং যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।
শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল ও জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তদন্তের স্বার্থে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।