বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমজাতীয়গণতন্ত্র ও উন্নয়ন সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাজ্যের

গণতন্ত্র ও উন্নয়ন সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাজ্যের

favicon
ভোরের আলো ডেস্ক:
গণতন্ত্র ও উন্নয়ন সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাজ্যের

বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেছে দেশটি।


মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।


বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী যুক্তরাজ্য। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বাংলাদেশের গণতন্ত্র, শিক্ষা ও নারীর ক্ষমতায়নে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন।


তিনি আরও জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে।


বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী জানান, আগামী ডিসেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করছে।


তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যকে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচনা করে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।


একই দিনে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস (ইউএনওপিএস)-এর বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলও সৌজন্য সাক্ষাৎ করে।


সাক্ষাতে অবকাঠামো উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। ইউএনওপিএস প্রতিনিধিরা বাংলাদেশের টেকসই উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।