বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমজাতীয়জনআস্থা ফেরাতে বীমা খাতে শক্তিশালী আইনি কাঠামোর ওপর জোর তথ্যমন্ত্রীর

জনআস্থা ফেরাতে বীমা খাতে শক্তিশালী আইনি কাঠামোর ওপর জোর তথ্যমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
জনআস্থা ফেরাতে বীমা খাতে শক্তিশালী আইনি কাঠামোর ওপর জোর তথ্যমন্ত্রীর

বীমা খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে একটি শক্তিশালী ও যুগোপযোগী আইনি কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় কেবল বিশ্বাস বা অবিশ্বাসের ভিত্তিতে লেনদেন পরিচালিত হতে পারে না; এ জন্য কার্যকর আইন ও জবাবদিহিমূলক ব্যবস্থা অপরিহার্য।


মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, বীমা শুধু একটি সেবামূলক খাত নয়, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন নাগরিক বা উদ্যোক্তা যখন জীবন ও সম্পদের নিরাপত্তা সম্পর্কে নিশ্চয়তা পান, তখন তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও উদ্যোগ গ্রহণ করতে পারেন। এর ফলে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে।


বর্তমান সরকারের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। বিদেশে অর্থপাচার, করের আওতার বাইরে থাকা সম্পদ এবং রাজস্ব ব্যবস্থার বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করে সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যার বিষয়ে সরকার ধারণা নিয়েছিল। এখন সেসব সমস্যা কার্যকরভাবে সংস্কার ও সমাধান করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন কঠিন হবে।


ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ (এমপি), ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনসহ বীমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।