অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী
ঢাকা, ৮ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার মেয়েদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স (ডিগ্রি) পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে মেধাবী ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করেছিল। সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করে বর্তমান সরকার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে।
তিনি আরও বলেন, সরকার শুধু নারীশিক্ষা নয়, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে নারীরা আরও ক্ষমতায়িত হতে পারেন।
সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পাশাপাশি যারা ভালো ফল করবে, তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও করা হবে।
এদিকে, মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।