বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমআইন ও আদালতসংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় বৃহস্পতিবার

favicon
ভোরের আলো ডেস্ক:
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে দায়ের করা আপিলের ওপর রায় আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ঘোষণা করবেন আপিল বিভাগ। তিন দিনব্যাপী শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন।


এই রায়ের মাধ্যমে হাইকোর্টের দেওয়া আগের রায় বহাল থাকবে, নাকি পঞ্চদশ সংশোধনী নিয়ে নতুন সাংবিধানিক ব্যাখ্যা আসবে—সেটি স্পষ্ট হবে।


২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রপতির অনুমোদন মেলে একই বছরের ৩ জুলাই। পরে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন।


প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ১৯ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। পরবর্তী চূড়ান্ত শুনানি শেষে ১৭ ডিসেম্বর দেওয়া রায়েঅবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। ওই রায়ের ফলে সংবিধানে গণভোটের বিধান পুনর্বহাল হয় এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বিবেচনার সাংবিধানিক পথ উন্মুক্ত হয়।


হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) চান চার রিটকারী। পৃথকভাবে আবেদন করেন বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গত বছরের ১৩ নভেম্বর আপিলের অনুমতি দেওয়ার পর তারা নিয়মিত আপিল দায়ের করেন।


শুনানির একপর্যায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষে মামলায় পক্ষভুক্ত হন। এছাড়া আরও দুটি সংগঠন ইন্টারভেনার হিসেবে যুক্ত হয়।


গত ৬ জুলাই আপিলের শুনানি শুরু হয়। রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. শরীফ ভূইয়া। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ইন্টারভেনারদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিক, এ এস এম শাহরিয়ার কবির ও আইনজীবী হামিদুল মিজবাহ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাসুদ।


শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগ—এই তিন অঙ্গের সাংবিধানিক ভারসাম্য বজায় রাখার বিষয়টি আদালতের বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছে রাষ্ট্রপক্ষ।


তিনি আরও বলেন, সংবিধান সংশোধন ও আইন প্রণয়নের ক্ষমতা সংসদের সাংবিধানিক এখতিয়ার। বর্তমান সংসদ কার্যকরভাবে পরিচালিত হচ্ছে এবং দেশের মানুষ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে চায়। এ বিষয়গুলো বিবেচনায় নিয়েই আপিল বিভাগ বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করবেন।