দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই, ক্যাপাসিটি চার্জও দেওয়া হচ্ছে না: জ্বালানিমন্ত্রী
দেশে বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই এবং এসব কেন্দ্রের বিপরীতে সরকার কোনো ক্যাপাসিটি চার্জও পরিশোধ করছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সরকারের কোনো কার্যকর চুক্তিও নেই। ফলে এসব কেন্দ্রের জন্য কোনো ধরনের ক্যাপাসিটি চার্জ পরিশোধের প্রয়োজন হচ্ছে না।
তবে তিনি জানান, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৮৬ মেগাওয়াট এবং আশুগঞ্জের প্রিসিশন এনার্জি লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ শেষ হওয়ার পর ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি নবায়ন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই ব্যবস্থার আওতায় বিদ্যুৎ উৎপাদন না হলে কোনো অর্থ পরিশোধ করতে হয় না। বর্তমানে কেন্দ্র দুটি একই শর্তে পরিচালিত হচ্ছে।
তিনি পুনর্ব্যক্ত করেন, দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু না থাকায় এ খাতে সরকারের কোনো ক্যাপাসিটি চার্জ পরিশোধের দায় নেই।