বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমজাতীয়সরকারি ঘোষণা না আসা পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে কোনো লেনদেন নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

সরকারি ঘোষণা না আসা পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে কোনো লেনদেন নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

favicon
ভোরের আলো ডেস্ক:
সরকারি ঘোষণা না আসা পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে কোনো লেনদেন নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকার আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


বুধবার (৮ জুলাই) জারি করা এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো ধরনের মেডিকেল পরীক্ষা, পাসপোর্ট জমা বা এ-সংক্রান্ত অর্থ লেনদেন করা যাবে না।


বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে চুক্তি করতে পারবে না। একই সঙ্গে কর্মীদের পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা করানো বা কোনো ধরনের অর্থ গ্রহণ থেকেও বিরত থাকতে হবে।


মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় নির্দেশনা জারি করলে তা যথাসময়ে গণমাধ্যম এবং সরকারি মাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর আগে গুজব বা অননুমোদিত তথ্যের ভিত্তিতে কোনো প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।


মালয়েশিয়ায় কর্মসংস্থান-সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে দেশের ভেতর থেকে ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।


এছাড়া, মালয়েশিয়া-সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল-এর সঙ্গে টেলিফোন, ই-মেইল বা মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।