প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।
বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশ ইতালির সঙ্গে বিদ্যমান সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে এবং এ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী।
অন্যদিকে, ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।