দুর্নীতির মামলায় পি কে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক থাকায় পি কে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত আগামী ১ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে ভুয়া প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র তৈরি করে একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৮৩ কোটি ৮৪ লাখ টাকার ঋণ গ্রহণ করেন। পরে ওই অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং অর্থপাচার-সংক্রান্ত বিভিন্ন আইনে মামলা করা হয়।
দুর্নীতি দমন কমিশন ২০২১ সালের ২৫ জানুয়ারি ১৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করে। তদন্ত শেষে চলতি বছরের ২০ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়।
হাজার হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগে আলোচিত পি কে হালদার বর্তমানে ভারতে কারাবন্দি। ২০২২ সালের ১৪ মে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি সেখানেই আটক রয়েছেন।