রবিবার , ১২ জুলাই ২০২৬
রবিবার , ১২ জুলাই ২০২৬
হোমজাতীয়‘শেখ হাসিনা এখনই দেশে ফিরে আইনের মুখোমুখি হোন’:আসিফ নজরুল

‘শেখ হাসিনা এখনই দেশে ফিরে আইনের মুখোমুখি হোন’:আসিফ নজরুল

favicon
ভোরের আলো ডেস্ক:
‘শেখ হাসিনা এখনই দেশে ফিরে আইনের মুখোমুখি হোন’:আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে যদি সত্যিই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর বিলম্ব না করে এখনই ফিরে এসে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত।


শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


পোস্টে আসিফ নজরুল লিখেছেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল এবং বর্তমান সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।


তিনি প্রশ্ন তুলে বলেন, যদি দেশে ফেরার সিদ্ধান্ত বাস্তব হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন কী? তার আহ্বান, শেখ হাসিনা যেন এখনই দেশে ফিরে আসেন।


পোস্টে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রাণহানির ঘটনা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ‘আয়নাঘর’, দুর্নীতির অভিযোগ, অর্থ পাচার এবং দীর্ঘ সময় ভোটাধিকার নিয়ে বিভিন্ন বিতর্ক—এসব বিষয়ে জনগণ ও আদালতের সামনে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে।


নিজের লেখায় তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে চলে গেলেও আওয়ামী লীগের অনেক সাধারণ নেতা-কর্মী রাজনৈতিক ও আইনি জটিলতার মুখে পড়েছেন।


সবশেষে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরার পরিকল্পনা করে থাকেন, তাহলে দ্রুত ফিরে এসে আদালতে নিজের অবস্থান তুলে ধরুন। আর যদি বাস্তবে ফেরার পরিকল্পনা না থাকে, তবে বারবার দেশে ফেরার ঘোষণা দিয়ে দলের নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলার আহ্বান জানান তিনি।