বন্যার্তদের সহায়তায় স্বেচ্ছাসেবক দলের ৪ দফা জরুরি নির্দেশনা
দেশের বিভিন্ন এলাকায় বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জন্য চার দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান বন্যাকবলিত জেলা ও মহানগরের আওতাধীন সব ইউনিটকে দ্রুত নির্দেশনাগুলো বাস্তবায়নের আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
সংগঠনটির দেওয়া চারটি নির্দেশনা হলো—
* স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা।
* বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন বিতরণ নিশ্চিত করা।
* শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া।
* বন্যাকবলিত এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
স্বেচ্ছাসেবক দল জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।