সোমবার , ১৩ জুলাই ২০২৬
সোমবার , ১৩ জুলাই ২০২৬
হোমজাতীয়চিফ হুইপের সঙ্গে ইপিডি প্রতিনিধি দলের সাক্ষাৎ, সংসদীয় গণতন্ত্র নিয়ে মতবিনিময়

চিফ হুইপের সঙ্গে ইপিডি প্রতিনিধি দলের সাক্ষাৎ, সংসদীয় গণতন্ত্র নিয়ে মতবিনিময়

favicon
ভোরের আলো ডেস্ক:
চিফ হুইপের সঙ্গে ইপিডি প্রতিনিধি দলের সাক্ষাৎ, সংসদীয় গণতন্ত্র নিয়ে মতবিনিময়

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) একটি প্রতিনিধি দল। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রতিনিধি দলে ছিলেন ইপিডির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেইস বারম্যান এবং প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস. উইবাওয়া।


সাক্ষাৎকালে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জাতীয় সংসদকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।


চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো গণতন্ত্র। গণতন্ত্র যত শক্তিশালী হবে, জনগণের অধিকার তত বেশি নিশ্চিত হবে এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।


তিনি আরও বলেন, জাতীয় সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, ডেপুটি স্পিকারসহ অধিকাংশ সংসদ সদস্যই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তাই সংসদের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে সদস্যদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ইপিডির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেইস বারম্যান বলেন, বাংলাদেশে বর্তমানে একটি ইতিবাচক গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। জাতীয় সংসদের কার্যকারিতা বৃদ্ধি এবং সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়নে ইপিডি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। তিনি সংসদকে আরও কার্যকর ও গতিশীল করতে চিফ হুইপের ভূমিকারও প্রশংসা করেন।


বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।