চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপনের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
রোববার (১২ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবায় জনগণের ভোগান্তি কমাতে এবং ভুল পরীক্ষার ঝুঁকি দূর করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্ভুল পরীক্ষা নিশ্চিত করতে দক্ষ ল্যাব টেকনিশিয়ান তৈরি ও আধুনিক পরীক্ষাগার ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও নেতৃত্বের জন্য সুস্থ, দক্ষ এবং মানসম্মত তরুণ প্রজন্ম গড়ে তোলা জরুরি। সমাজ থেকে সব ধরনের অনিয়ম দূর করে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তৃণমূলের স্বাস্থ্যসেবা জোরদারের অংশ হিসেবে চলতি অর্থবছর থেকেই দেশের প্রতিটি ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, স্বাস্থ্য সহকারী কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে উন্নত স্বাস্থ্য স্ক্রিনিং সুবিধা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে স্বাস্থ্যখাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার হবেন নারী স্বাস্থ্যকর্মী, যারা বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী ও প্রসূতি মায়েদের পরামর্শ দেবেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করবেন এবং শিশুদের পুষ্টি ও মাতৃদুগ্ধপান সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করবেন।
তিনি আরও জানান, দেশের প্রতিটি জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রোগীদের চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যেতে না হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিন্নাত রেহানা-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।