বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতবাড়ি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০ হাজার বসতবাড়ি। এখনও হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দুর্যোগে মোট ৭৯ হাজার ১৮৭টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট ক্ষতির মুখে পড়েছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে দেশের ৪০৮টি ইউনিয়ন।
এখনও ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে ৩৪ হাজার ৭২৩ জন মানুষ অবস্থান করছেন।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে, যেখানে ২৮ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজার ও রাঙামাটিতে একজন করে মোট দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।
সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে।