২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন নয়, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সরকারি চাকরিতে ২৫ বছরের চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে কোনো সরকারি কর্মচারী পেনশন বা অবসরজনিত সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গত ৯ জুলাই এ রায় দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।
২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, আইনপ্রণেতারা সচেতনভাবেই ২৫ বছরের চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারী সরকারি কর্মচারীদের জন্য পেনশন সুবিধার বিধান রাখেননি। তাই নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন দাবি করার সুযোগ নেই।
এই রায়টি আসে ২০২১ সালে হাইকোর্টের দেওয়া একটি রায়ের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের করা আপিলের পর। ওই রায়ে সাবেক বিচারক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুব মোরশেদকে পেনশনসহ অন্যান্য অবসর সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মাহবুব মোরশেদ ১৯৯১ সালের ডিসেম্বরে সহকারী জজ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। অতিরিক্ত জেলা জজ হিসেবে দায়িত্ব পালনকালে ১৯ বছরের চাকরি শেষে ২০১১ সালের ৩১ জানুয়ারি তিনি পদত্যাগ করেন।
পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ উল্লেখ করেন, বিদ্যমান আইন অনুযায়ী যোগ্যতার নির্ধারিত ২৫ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারী কোনো সরকারি কর্মচারীকে পেনশন দেওয়ার সুযোগ নেই। ফলে এ বিষয়ে হাইকোর্টের নির্দেশ আইনগতভাবে কার্যকরযোগ্য নয়।
রায়ে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে পেনশন সুবিধা দেওয়া হলে সরকারি চাকরিতে শৃঙ্খলা, দীর্ঘমেয়াদি অঙ্গীকার ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে অকাল পদত্যাগের প্রবণতা বাড়বে, জনবল পরিকল্পনা ব্যাহত হবে এবং অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তাই ২৫ বছরের চাকরির শর্ত সরকারি চাকরিতে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখার একটি যৌক্তিক নীতিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের বিচারকরা।