৭ উইকেটের দাপুটে জয়ে বাংলাদেশ ‘এ’-র উড়ন্ত সূচনা
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার প্রথম ম্যাচে ৭ উইকেট ও ১৩৬ বল হাতে রেখে সহজ জয় পেয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
প্রথমে বল হাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ডকে মাত্র ১৪৭ রানে অলআউট করে দেয় খালেদ আহমেদ, তানভীর ইসলাম, এবাদত হোসেন ও শরিফুল ইসলামের সমন্বয়ে গড়া বোলিং আক্রমণ। দলের পক্ষে খালেদ ও তানভীর নেন ৩টি করে উইকেট, শরিফুল ও এবাদত শিকার করেন ২টি করে উইকেট।
টস জিতে ব্যাট করতে নামা কিউইরা শুরু থেকেই চাপে পড়ে। মাত্র ১৩ রানে হারায় ৪ উইকেট। ৮৫ রানে ৯ উইকেট পড়ে গেলে একপ্রান্ত আগলে লড়াই চালান ডিন ফক্সক্রফট। তার ৬৪ বলে ৭২ রানের ইনিংসেই সম্মানজনক সংগ্রহ পায় সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই হারায় মারকুটে ওপেনার পারভেজ হোসেন ইমন (২৪)। এরপর নাইম (২০) ও বিজয় (৩৮) আউট হলেও মাহিদুল ইসলাম অংকন দৃঢ় ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন। ৬১ বলে অপরাজিত ৪২ রান করে দলকে জেতান তিনি। অধিনায়ক নুরুল হাসান সোহান ২০ রানে অপরাজিত থেকে তাকে যোগ্য সঙ্গ দেন।সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৮ মে, একই ভেন্যুতে।