আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, ভারি বর্ষণের সতর্কবার্তা
দেশজুড়ে টানা বৃষ্টির ধারা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। রাজধানী ঢাকায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় ভারি বর্ষণ হতে পারে। আগামী পাঁচ দিনজুড়েই বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং এ পরিস্থিতি আরও অন্তত পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৭৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে ৫৬৪, খুলনায় ২৭৪, রাজশাহীতে ২০৪, ময়মনসিংহে ১০০, বরিশালে ৮৭, রংপুরে ৮১ এবং সিলেট বিভাগে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।