শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। দেশে ফিরে আত্মসমর্পণ করলে প্রচলিত আইন অনুযায়ী তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কারাগারে যেতে হবে। তিনি আরও বলেন, একজন আসামি দেশে থাকুন বা দেশের বাইরে, আত্মসমর্পণ করুন বা না করুন—আইনি প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই চলবে।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি প্রায় দুই বছর ধরে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান।