দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ খাত নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা এবং নির্বাচিত উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণের কর্মসূচি রাখা হয়েছে।
এদিন উদ্বোধন করা হবে **‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’**, যা উদ্যোক্তাদের জন্য একটি ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যেই প্রাথমিক ধারণা থেকে ব্যবসা সম্প্রসারণ পর্যন্ত উদ্যোক্তাদের সহায়তায় একটি সমন্বিত জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের নির্বাচনি ইশতেহার-২০২৬ অনুযায়ী স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই তহবিল উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী পর্ব শেষে বেলা ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।