পাহাড়খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অতীতের মতো নির্বিচারে পাহাড় কাটা বর্তমান সরকারের আমলে আর চলবে না। পাহাড় দখল ও কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, কোথাও যদি স্লুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকে, তবে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু এবং বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় আনা হবে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
পরিদর্শনকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।