বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা হলেও তা নিয়ে কোনো উল্লেখযোগ্য ভূ-রাজনৈতিক প্রভাব পড়বে না।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অনেক ব্যক্তিও মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে তার আর ভবিষ্যৎ নেই।
তিনি আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে স্বচ্ছ বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তথ্য উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা রয়েছে।
জলাবদ্ধতা সমস্যার বিষয়ে তিনি বলেন, অতীতে এ খাতে বিপুল অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তবে বর্তমান সরকার এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বলেও জানান।