কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব, বুধবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে তার স্মরণে আগামী বুধবার (১৫ জুলাই) দেশব্যাপী অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, গৃহীত শোক প্রস্তাব কাতার সরকার এবং ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে পাঠানো হবে। প্রস্তাব গৃহীত হওয়ার পর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল-থানির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য শামীম কায়সার।
গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে মারা যান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। ১৯৯৫ সালে ক্ষমতায় এসে ২০১৩ সাল পর্যন্ত তিনি কাতারের নেতৃত্ব দেন। তার শাসনামলে জ্বালানি সম্পদনির্ভর অর্থনীতিকে কেন্দ্র করে কাতারে ব্যাপক অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
এ কারণে শেখ হামাদ বিন খলিফা আল-থানিকে আধুনিক কাতারের অন্যতম স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। তিনি বর্তমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বাবা।