বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমজাতীয়আন্দোলন নয়, পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

আন্দোলন নয়, পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি বলেছেন, প্রশাসনিক গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে বা ক্ষতিগ্রস্ত হলে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে।


মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকারও উদ্বিগ্ন ছিল। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে অনুকূল আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোথাও পরীক্ষাকেন্দ্রে পানি ওঠার খবর পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


কুমিল্লাসহ কয়েকটি অঞ্চলের পরিস্থিতির উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কিছু কেন্দ্রে পানি উঠলেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এরপরও যদি কোনো শিক্ষার্থী প্রশাসনিক ত্রুটির কারণে পরীক্ষা দিতে না পারেন, তবে বিষয়টি যাচাই করে সেখানে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে।


তিনি আরও বলেন, সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যেমন পরিস্থিতি বিবেচনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনি প্রয়োজন হলে অন্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব।


শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ হিসেবে তাদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতি কমাতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।