বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
হোমজাতীয়আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বুধবার) ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করবেন। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এবারের প্রতিযোগিতায় দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ অতিক্রম করে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’।


এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও সম্মাননা প্রদান করা হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা পাবেন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন।


পাশাপাশি দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষার বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও উন্নয়নমূলক পদক্ষেপ প্রদর্শন করা হবে। বিভিন্ন জেলার স্টলে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’ এবং ‘ফাউন্ডেশনাল লার্নিং’সহ নানা কার্যক্রম তুলে ধরা হবে।