বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
হোমজাতীয়এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার

এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার

favicon
ভোরের আলো ডেস্ক:
এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয় অভিমুখে ঘোষিত লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


বুধবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ের ১, ২ ও ৫ নম্বর গেট ঘুরে দেখা যায়, সাধারণ দিনের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি গেটে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই ও তল্লাশি বাড়ানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর দেড়টা থেকে নীলক্ষেত মোড়, সায়েন্সল্যাব মোড়, মিরপুর-১০, উত্তরা বিএনএস সেন্টারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।


আন্দোলনের সূত্রপাত হয় শিক্ষামন্ত্রীর একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। ভিডিওতে পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। একই সময়ে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ভুল থাকার অভিযোগও সামনে আসে।


এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথমে ৮ দফা দাবি উত্থাপন করেন। পরে তা তিন দফায় সীমিত করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল—উপযুক্ত পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান এবং শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।


পরবর্তীতে আন্দোলনকারীরা তাদের দাবি এক দফায় নিয়ে আসেন। বর্তমানে তাদের একমাত্র দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ।