এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বরের ঘোষণা
বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। এসব শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ভুল প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তও জানানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
তিনি বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় প্রতিকূল আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
এসব শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় সুযোগ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা বৈরী আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া একই বিষয়ের পরীক্ষার তারিখে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই তাদের স্বার্থ বিবেচনায় এ বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ভুলের ঘটনায় দায়ী কর্মকর্তাদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, প্রথমপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ত্রুটি হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর প্রদান করা হবে।