বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও সচেতন মানুষের বসবাস: মির্জা ফখরুল
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাসহ নতুন গড়ে ওঠা আবাসিক এলাকাগুলোতে শিক্ষিত ও সচেতন মানুষের বসবাস রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত **‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার, আপনার সবার দায়িত্ব’** শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, *‘বসুন্ধরা এবং নতুন নতুন যেসব আবাসিক এলাকা গড়ে উঠছে, সেখানে শিক্ষিত ও সচেতন মানুষের বসবাস। এ ধরনের এলাকায় পরিচ্ছন্ন ও স্বচ্ছ নগর গড়ে তোলা তুলনামূলকভাবে সহজ।’*
তিনি বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও গুলশানের বাসিন্দাদের সৌভাগ্যবান উল্লেখ করে বলেন, এসব এলাকার মানুষ নগর পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
মির্জা ফখরুল বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, ওয়াসা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে। এ সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে নানামুখী ভোগান্তির শিকার হতে হয়।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর অন্যতম কারণ বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি। এসব সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনকে আরও ক্ষমতাসম্পন্ন ও পূর্ণাঙ্গ **নগর সরকার (সিটি গভর্নমেন্ট)** হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীও অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং নগর ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকার আন্তরিক।