জুলাই শহীদ দিবস ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৬ জুলাই উপলক্ষে জারি করা আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে র্যাব সদস্যরা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছেন।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে র্যাব নিজস্ব নেতৃত্বে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।
গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। এলাকা ভিত্তিক তথ্য সংগ্রহ, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের ওপর নজরদারি এবং গুরুত্বপূর্ণ রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় র্যাবের টহল জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এসব বিশেষায়িত ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে। কোনো সন্দেহজনক বা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে স্থানীয় র্যাব টহল ইনচার্জ বা সংশ্লিষ্ট ব্যাটালিয়নের সঙ্গে দ্রুত যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।