‘মেসিকে কখনো রাগানো উচিত নয়’, বললেন রিকুয়েলমে
আর্জেন্টিনার কিংবদন্তি মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েলমের মতে, লিওনেল মেসিকে কখনোই উসকে দেওয়া বা রাগানো উচিত নয়। কারণ, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার রেগে গেলে তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিকুয়েলমে ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের প্রসঙ্গ তুলে ধরেন।
সেই ম্যাচের আগে নেদারল্যান্ডসের তৎকালীন কোচ লুই ফন গাল মন্তব্য করেছিলেন, বল পায়ে না থাকলে মেসির অবদান খুব বেশি থাকে না। পাশাপাশি তিনি ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের প্রসঙ্গ টেনে দাবি করেছিলেন, ওই ম্যাচে মেসি কার্যত নিষ্প্রভ ছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, নেদারল্যান্ডস আগের পরাজয়ের প্রতিশোধ নিতে প্রস্তুত।
তবে মাঠের খেলাতেই সেই সমালোচনার জবাব দেন মেসি। কোয়ার্টার ফাইনালে দারুণ পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে টাইব্রেকারে জয় এনে দেন এবং দলকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল।
সেই ঘটনার প্রসঙ্গ টেনে রিকুয়েলমে বলেন, “ম্যাচের আগে ফন গাল মেসিকে নিয়ে কিছু বলেছিলেন। ফুটবলে এমনটা করা উচিত নয়। তাকে কখনো রাগানো যাবে না। বরং তাকে জড়িয়ে ধরা বা চুমু খাওয়াই ভালো, যাতে সে আপনাকে হারানোর কথা না ভাবে।”
তিনি আরও বলেন, “বিশ্বের সেরা খেলোয়াড় যখন রেগে যায়, তখন তাকে হারানোর সুযোগ প্রায় থাকে না। তাই ফন গালের মন্তব্য শেষ পর্যন্ত আর্জেন্টিনার জন্যই ইতিবাচক হয়েছিল।”
রিকুয়েলমের মতে, মেসির আরেকটি বিশেষ গুণ হলো, আবেগপ্রবণ হলেও তিনি সাধারণত নিয়ন্ত্রণ হারান না। তাই রাগের মুহূর্তেও অন্য অনেক খেলোয়াড়ের মতো সহজে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় না।