ইংল্যান্ডের বিদায়ে ব্রিটিশ গণমাধ্যমে হতাশার ছাপ, প্রথম পাতাজুড়ে ক্ষোভ
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। এই পরাজয়ের পর যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর প্রথম পাতাজুড়ে ফুটে উঠেছে হতাশা, আক্ষেপ ও সমালোচনার চিত্র।
আটলান্টায় লিওনেল মেসিদের কাছে হারের মধ্য দিয়ে ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও অধরাই থেকে যায় ইংল্যান্ডের। ফলে দেশটির জাতীয় দৈনিকগুলো নানা আবেগঘন ও ব্যঙ্গাত্মক শিরোনামে দলের বিদায়কে তুলে ধরেছে।
ডেইলি স্টার তাদের প্রথম পাতায়“KANED BY MESSI” শিরোনাম ব্যবহার করেছে। এটি হ্যারি কেইনের নাম এবং caned শব্দের মিশ্রণে তৈরি একটি শব্দখেলা, যার মাধ্যমে মেসির নেতৃত্বে ইংল্যান্ডের পরাজয়কে তুলে ধরা হয়েছে।
অন্যদিকে ডেইলি এক্সপ্রেস শিরোনাম করেছে “AGONY AS OUR WAIT GOES ON”। পত্রিকাটি ১৯৬৬ সালের পর বিশ্বকাপ জিততে না পারার দীর্ঘ অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার হতাশা প্রকাশ করেছে।
ডেইলি মিরর তাদের প্রচ্ছদে বড় অক্ষরে লিখেছে “SHATTERED”, যা ইংলিশ সমর্থকদের ভেঙে যাওয়া স্বপ্ন ও হতাশার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।
এদিকে দ্য সান ম্যাচের উত্তেজনাপূর্ণ লড়াইকে তুলে ধরে “Wonderbrawl” শিরোনাম প্রকাশ করেছে। আর ডেইলি মেইললিখেছে “Night our dream finally died”, যেখানে বহু বছরের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনার কথা তুলে ধরা হয়েছে।
প্রভাবশালী সংবাদপত্র দ্য গার্ডিয়ান সংক্ষিপ্ত শিরোনাম “Over and out”ব্যবহার করে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার বিষয়টি তুলে ধরেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে এই পরাজয়কে তারা কেবল একটি ম্যাচের হার হিসেবে নয়, বরং দীর্ঘদিনের শিরোপা-স্বপ্ন ভেঙে যাওয়ার আরেকটি বেদনাদায়ক অধ্যায় হিসেবেই দেখছে।