শনিবার , ১৮ জুলাই ২০২৬
শনিবার , ১৮ জুলাই ২০২৬
হোমজাতীয়পাঁচ ইউরোপীয় কূটনীতিকের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

পাঁচ ইউরোপীয় কূটনীতিকের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
পাঁচ ইউরোপীয় কূটনীতিকের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় দেশের কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) আনজা কারস্টেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও বৈঠকে অংশ নেন।


বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল (এভিয়েশন) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পারস্পরিক আস্থা, সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।


অন্যদিকে, বৈঠকে অংশ নেওয়া ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের বহুমুখী অংশীদারিত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।