রবিবার , ১৯ জুলাই ২০২৬
রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমজাতীয়রাজধানী থেকে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক সিগন্যালের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী থেকে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক সিগন্যালের নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
সাইফুল আলম মিরাজ
রাজধানী থেকে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক সিগন্যালের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশও দিয়েছেন তিনি।


শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।


বৈঠকে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।


রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।


এ ছাড়া, ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার আদলে হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।


বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।