রবিবার , ১৯ জুলাই ২০২৬
রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমখেলাবিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ট্রাম্প ও মামদানি, তবে কার সমর্থন কোন দলের?

বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ট্রাম্প ও মামদানি, তবে কার সমর্থন কোন দলের?

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ট্রাম্প ও মামদানি, তবে কার সমর্থন কোন দলের?

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াই দেখতে মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে রাজনৈতিকভাবে বিপরীত অবস্থানে থাকা এই দুই নেতার মধ্যে আলাদা কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে মেয়রের কার্যালয়।


এর আগে গত মাসে এনবিএ ফাইনালেও একই ভেন্যুতে দুজনকে দেখা গিয়েছিল। সে সময় ট্রাম্পকে ভিআইপি বক্সে বসে খেলা দেখতে দেখা গেলেও নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে ব্যাপক আলোচনা হয়। অন্যদিকে মামদানি সাধারণ দর্শকদের সঙ্গে গ্যালারিতে বসেই ম্যাচ উপভোগ করেছিলেন।


বিশ্বকাপ ফাইনালকে ঘিরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ ম্যাচটিকে ‘লেভেল ওয়ান স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে আকাশপথে নজরদারি, বিশেষ নিরাপত্তা বাহিনী এবং বিস্ফোরক শনাক্তকারী ইউনিটসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।


এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছিলেন, বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকবেন।


তবে ফাইনালে ট্রাম্প বা মামদানি—দুজনের কেউই প্রকাশ্যে নিজেদের সমর্থনের দল ঘোষণা করেননি।


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ট্রাম্প স্পেন নাকি আর্জেন্টিনাকে সমর্থন করছেন, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। যদিও সম্প্রতি এক ফিফা অনুষ্ঠানে ট্রাম্প লিওনেল মেসির প্রশংসা করেন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে আলাপকালে রসিকতা করে বলেন, “তোমরা কি আবার ইতিহাস গড়তে প্রস্তুত?”


অন্যদিকে, ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির পছন্দের দল মরক্কো আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফাইনালে নিজের সমর্থন নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাস্যরস করে বলেন, “আমি যাকে সমর্থন করি, সেই দলই হারছে। তাই এবার কারও নাম বলতে চাই না।”


বিশ্বকাপজুড়ে মামদানি বিভিন্ন ওয়াচ পার্টির আয়োজন, স্বল্পমূল্যের জার্সি ও টিকিটের ব্যবস্থা এবং সাধারণ মানুষের মধ্যে ফুটবল উৎসব ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়ায় ব্যাপক প্রশংসা পেয়েছেন। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও দুই আলোচিত মার্কিন নেতার উপস্থিতি এবারের ফাইনালে বাড়তি আকর্ষণ যোগ করবে।