রবিবার , ১৯ জুলাই ২০২৬
রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমজাতীয়আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে নানা বিশেষ সুবিধা

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে নানা বিশেষ সুবিধা

favicon
মাহামুদুল হাসান
আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে নানা বিশেষ সুবিধা

আগামী আগস্টের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন ডেবিট কার্ড ইস্যু করা হবে।


শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রবাসী কার্ড’–সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি জানান।


তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এর লক্ষ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন, বিভিন্ন প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং ও লেনদেন সহজ করা।


বৈঠকে জানানো হয়, প্রবাসী কার্ডধারীরা দেশে ও বিদেশে বিমানবন্দরের কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, ‘মিট অ্যান্ড গ্রিট’ সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড় এবং নির্ধারিত পরিবহন সেবায় বিশেষ সুবিধা পাবেন।


এ ছাড়া সরকারি হাসপাতালে বিশেষ সেবা বুথ, বেসরকারি হাসপাতালে ছাড়, কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনা, পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সেবা, লাইসেন্স এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাও রয়েছে।


কার্ডের মাধ্যমে রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, সহজে অর্থ স্থানান্তর এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থাও রাখা হবে।


শাহাদাৎ স্বাধীন জানান, আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হবে। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড বিতরণ শুরু হবে। ডিসেম্বরের মধ্যে **৫০ হাজার** এবং আগামী বছরের জুনের মধ্যে **দুই লাখ** প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


তিনি আরও জানান, দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ডের সব কার্যক্রম পরিচালিত হবে।


বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসী যাতে ধীরে ধীরে এই কার্ডের আওতায় আসতে পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।