‘ইয়ামালকে থামানোর উপায়? ওকে মাঠেই নামতে না দেওয়া’: স্কালোনির রসিকতা
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালকে নিয়ে রসিকতা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, ইয়ামালকে থামানোর সবচেয়ে সহজ উপায় হলো তাকে মাঠে নামতে না দেওয়া।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইয়ামালকে আটকানোর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হাস্যরসের সুরে স্কালোনি বলেন, **“ইয়ামালকে থামানোর উপায়? ইচ্ছা করে তাকে তার রুমে তালাবদ্ধ করে রাখি।”**
রসিকতার পরই অবশ্য স্পেনের ১৯ বছর বয়সী উইঙ্গারের প্রশংসা করেন আর্জেন্টাইন কোচ।
স্কালোনি বলেন, **“সে অসাধারণ একজন ফুটবলার এবং ফুটবলের জন্য একটি অমূল্য সম্পদ। এখনও তার বয়স খুব কম। ভবিষ্যতে এই খেলাকে আরও অনেক কিছু দেওয়ার সামর্থ্য তার রয়েছে।”**
তবে তিনি স্পষ্ট করে দেন, আর্জেন্টিনার প্রস্তুতি শুধু ইয়ামালকে ঘিরে নয়, পুরো স্পেন দলকে কেন্দ্র করেই। তার ভাষায়, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে গত বছরের ডিসেম্বর থেকেই লুইস দে লা ফুয়েন্তের দলের খেলার ধরন বিশ্লেষণ করে আসছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।
স্কালোনির মতে, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো একক খেলোয়াড় নয়, বরং পুরো দলের পারফরম্যান্সই জয়-পরাজয় নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।