সোমবার , ২০ জুলাই ২০২৬
সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমসারা দেশপল্লবীর উর্দুভাষী ক্যাম্পে গভীর নলকূপ উদ্বোধন, বিশুদ্ধ পানির উদ্যোগ প্রতিমন্ত্রীর

পল্লবীর উর্দুভাষী ক্যাম্পে গভীর নলকূপ উদ্বোধন, বিশুদ্ধ পানির উদ্যোগ প্রতিমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
পল্লবীর উর্দুভাষী ক্যাম্পে গভীর নলকূপ উদ্বোধন, বিশুদ্ধ পানির উদ্যোগ প্রতিমন্ত্রীর

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উদ্যোগে নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসূচির আওতায় রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।


রোববার (১৯ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী নলকূপ দুটির উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে মো. আমিনুল হক বলেন, তার নির্বাচনি এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে পর্যায়ক্রমে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি সারা বছর বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রমও চালু থাকবে।


তিনি বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।


সম্প্রতি বিভিন্ন সেমিনারে ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনের উর্দুভাষী ক্যাম্পগুলোর পরিবেশ ও নাগরিক সুবিধার সংকট তুলে ধরেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।


স্থানীয় বাসিন্দারা গভীর নলকূপ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। নতুন নলকূপ চালু হওয়ায় নিরাপদ পানির প্রাপ্যতা বাড়বে এবং দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমে আসবে।