রবিবার , ১৯ জুলাই ২০২৬
রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমসারা দেশসরকারকে ‘ফ্যাসিবাদের পথ অনুসরণের’ অভিযোগ বিরোধীদলীয় নেতার, গণভোট বাস্তবায়নের দাবি

সরকারকে ‘ফ্যাসিবাদের পথ অনুসরণের’ অভিযোগ বিরোধীদলীয় নেতার, গণভোট বাস্তবায়নের দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
সরকারকে ‘ফ্যাসিবাদের পথ অনুসরণের’ অভিযোগ বিরোধীদলীয় নেতার, গণভোট বাস্তবায়নের দাবি

বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদের পথ অনুসরণ’ করার অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ বহাল রেখে সরকার পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি।


শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর ঈদগাহ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।


ডা. শফিকুর রহমান বলেন, পূর্ববর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ বাতিল বা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত সেগুলোর কার্যকর পরিবর্তন হয়নি। তার ভাষায়, এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।


তিনি আরও বলেন, গণভোটে দেওয়া জনগণের রায়কে সম্মান জানানো উচিত। সরকার যদি সেই রায় বাস্তবায়ন না করে, তাহলে জনগণ আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়নে বাধ্য করবে বলেও মন্তব্য করেন তিনি।


বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দল রাজপথে সংঘাত চায় না; বরং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়। তবে পরিস্থিতি এমনভাবে তৈরি করা হলে আন্দোলনের পথেই যেতে বাধ্য হতে পারে বলে সতর্ক করেন তিনি।


তিনি জানান, আগামী ২৫ জুলাই সিলেটে বিরোধী জোটের সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে সরকার গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা না দিলে ঢাকায় বড় ধরনের মহাসমাবেশের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।


একই সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখনো হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে প্রয়োজন হলে এ ধরনের কর্মসূচির জন্য বিরোধী জোট প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।