নেত্রকোনায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্যসচিব ও উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
মুশফিকুর রহমানের অভিযোগ, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও হাতে আঘাত করেন। পরে দলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এনসিপির দলীয় সূত্র জানায়, আগামী ২৪ জুলাই দলের মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের অংশগ্রহণে নেত্রকোনা সদর ও খালিয়াজুরিতে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই কর্মসূচির সম্ভাব্য সভাস্থল পরিদর্শনে জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক জামিল ফয়েজী, সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা খালিয়াজুরিতে যান।
দলীয় সূত্রের দাবি, পরিদর্শন শেষে নেতারা একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে সেখানেই অতর্কিতভাবে মুশফিকুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।