মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমসারা দেশ১০ জেলায় বন্যার আশঙ্কা, বিপৎসীমার ওপরে উঠতে পারে ৮ নদীর পানি

১০ জেলায় বন্যার আশঙ্কা, বিপৎসীমার ওপরে উঠতে পারে ৮ নদীর পানি

favicon
ভোরের আলো ডেস্ক:
১০ জেলায় বন্যার আশঙ্কা, বিপৎসীমার ওপরে উঠতে পারে ৮ নদীর পানি

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকির কথাও জানানো হয়েছে।


সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।


এ ছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


বন্যা পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং সংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।


বন্যা তথ্যকেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হালদা নদীর পানি কমেছে এবং মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে।


তবে আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন তা দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে বন্যা তথ্যকেন্দ্র।