জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান চান মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা আলোচনার মাধ্যমে দূর করা উচিত।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলন দেশের জন্য নতুন রাষ্ট্র গঠনের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে সরকার তার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন আন্দোলনের রাজনীতি হয়েছে। এখন সময় এসেছে সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে এমন একটি রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থা গড়ে তোলার, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর সহিংস আন্দোলনের পথে যেতে না হয়।
বক্তব্যে তিনি বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব বিষয়ে বিরোধিতার মানসিকতা পরিহার করে জাতীয় স্বার্থে সংলাপে অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতি বিদ্যমান রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তার ভাষায়, দীর্ঘ ১৬ বছরের বিভিন্ন অনিয়ম ও অপকর্মের প্রভাব অল্প সময়ের মধ্যে পুরোপুরি দূর করা সম্ভব নয়।