মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমজাতীয়সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল দেড় হাজারের বেশি বিলাসপণ্য

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল দেড় হাজারের বেশি বিলাসপণ্য

favicon
ভোরের আলো ডেস্ক:
সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল দেড় হাজারের বেশি বিলাসপণ্য

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দেড় হাজারের বেশি বিলাসপণ্য ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


দুদকের বিশেষ টিম রোববার ও সোমবার দুই দিনব্যাপী রাজধানীর গুলশান-৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট বি ব্লকের ১১ নম্বর প্লটের ওই দুটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২৬৯ ধরনের পণ্য পাওয়া গেছে, যার সংখ্যা দেড় হাজারের বেশি বলে জানিয়েছে সংস্থাটি।


দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট দুটিতে প্রবেশ করে ইনভেন্টরি কার্যক্রম সম্পন্ন করেছে। প্রাথমিক হিসাবে ২৬৯ আইটেমের পণ্য পাওয়া গেছে।


দুদকের তথ্য অনুযায়ী, ফ্ল্যাট এ-৭ থেকে প্রায় ১ হাজার ১৩৫টি এবং ফ্ল্যাট বি-৭ থেকে প্রায় ৪০০টি সামগ্রী উদ্ধার করা হয়েছে।


উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, রোলেক্স ঘড়ির আটটি বক্স (এর মধ্যে চারটি রোলেক্সের), প্রায় ১০০টি কামিজ, মুক্তার গয়না, ঝাড়বাতি, বেড, সোফা, এসি, সিলিং ফ্যান, ট্রেডমিল, ফ্রিজ, সুটকেস, চেয়ার ও টেবিলসহ বিভিন্ন সামগ্রী।


দুদক জানায়, উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটির সম্ভাব্য মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে হতে পারে।


ক্ষমতার পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এ ঘটনায় দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছিল। পরে তদন্ত টিম পুনর্গঠন করা হয় এবং বর্তমানে উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলছে।


দুদক জানিয়েছে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান এবং সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।


এর আগে আদালতের নির্দেশে চলতি বছরের ২ জুলাই সাইফুজ্জামানের গুলশানের দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় দুদক। আদালতের নির্দেশনায় ওই দুই ফ্ল্যাটের জন্য দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়।


এ ছাড়া বিদেশে থাকা সম্পদের বিষয়েও আদালতের বিভিন্ন আদেশ রয়েছে। এর আগে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতসহ আট দেশে থাকা সম্পদ জব্দ এবং যুক্তরাষ্ট্রে থাকা দুটি কোম্পানিতে বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।


সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।