বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমজাতীয়প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ ইসির বৈঠক, আলোচনায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ ইসির বৈঠক, আলোচনায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ ইসির বৈঠক, আলোচনায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে গৃহীত কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ (বুধবার, ২২ জুলাই) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।


নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের চলমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।


অফিস আদেশে বলা হয়েছে, বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি-এসডিআই প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। এ প্রকল্পের আওতায় আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন প্রবাসী বাংলাদেশি।


নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন ভোট প্রদান করেন। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছায় ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট, যার মধ্যে বৈধ ভোট হিসেবে গণ্য হয় ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি।