বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমআইন ও আদালতঅস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ আগস্ট

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ আগস্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ আগস্ট

রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।


বুধবার (২২ জুলাই) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ নির্ধারণ করেন।


আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী মো. সুমন হোসাইন সময়ের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার প্রধান আইনজীবী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ অবস্থায় যথাযথ প্রস্তুতির জন্য সময় প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়।


শুনানির সময় আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আবেদন মঞ্জুর করেন।


মামলার এজাহার অনুযায়ী, আনিসুল হকের নামে বনানী থানার আওতায় একটি লাইসেন্সধারী পিস্তল ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।


অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার লাইসেন্সকৃত পিস্তল জমা দেননি এবং এ বিষয়ে থানাকেও অবহিত করেননি। পরবর্তী অনুসন্ধানে পুলিশ তার ঠিকানায় গিয়ে অস্ত্র বা সংশ্লিষ্ট কোনো তথ্য পায়নি।


এ ঘটনায় বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।