‘অর্থনীতি পুনরুদ্ধারে এডিপির ভূমিকা গুরুত্বপূর্ণ’, একনেক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধিতে গতি আনতে এডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এডিপি যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশি-বিদেশি নতুন বিনিয়োগের সুযোগও বাড়বে।
বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, কয়েকটি প্রকল্পে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আইএমইডির সাম্প্রতিক প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে এবং প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নীতিমালার খসড়া নিয়ে আলোচনা চলছে। এসব কাজ শেষ হলে একটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার স্বল্প সময়ের মধ্যেও আগের প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রেখে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে। তবে আইনি ও নীতিগত সংস্কার সময়সাপেক্ষ হওয়ায় সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
রেট শিডিউল বা দর তালিকা পর্যালোচনার বিষয়ে তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পৃথক রেট শিডিউল বর্তমানে প্রকল্প ব্যয় নির্ধারণে ব্যবহৃত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত একটি কমিটি ইতোমধ্যে এ বিষয়ে একাধিক বৈঠক করেছে। খুব শিগগিরই সাধারণ ও বিশেষ ধরনের কাজের জন্য নতুন রেট শিডিউল প্রণয়ন করা হবে, যাতে প্রকল্পের ব্যয় নির্ধারণ আরও বাস্তবসম্মত হয়।
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা প্রসঙ্গে সাকি বলেন, সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় ব্যয় বেড়ে যায় এবং অপচয় সৃষ্টি হয়। এর পেছনে সমন্বয়ের ঘাটতি, জবাবদিহির অভাব এবং দায়িত্বহীনতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।