বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমআইন ও আদালতগৃহকর্মীর মৃত্যু: আশফাকুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ সেপ্টেম্বর

গৃহকর্মীর মৃত্যু: আশফাকুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ সেপ্টেম্বর

favicon
ভোরের আলো ডেস্ক:
গৃহকর্মীর মৃত্যু: আশফাকুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ সেপ্টেম্বর

গৃহকর্মী প্রীতি উরাংয়ের অবহেলাজনিত মৃত্যুর মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।


বুধবার (২২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।


আদালত সূত্রে জানা যায়, এদিন অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার শুনানি প্রস্তুতির জন্য সময় চেয়ে আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদালত পরবর্তী শুনানির জন্য ২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।


সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী জানান, অভিযোগ গঠনের বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় আসামিপক্ষ সময়ের আবেদন করে এবং আদালত তা গ্রহণ করেন।


মামলার অভিযোগ অনুযায়ী, প্রীতি উরাং প্রায় দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে অবস্থিত সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে বাসার ড্রইং স্পেসের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাচের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) এস এম মাহমুদ রেজা সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


পরবর্তীতে মামলাটি বিচারের উপযোগী হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে এটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।