যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির সঙ্গে আলোচনা হয়নি: আসিফ মাহমুদ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বুধবার (২২ জুলাই) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে তিনি আগেও একাধিকবার সংবাদ সম্মেলনে অবস্থান পরিষ্কার করেছেন। একই বিষয় অন্তর্বর্তী সরকার এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসকেও জানানো হয়েছিল। তার ভাষ্য, বাণিজ্য চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এনসিপিকে একটি স্টেকহোল্ডার হিসেবে বিবেচনা করে আলোচনায় যুক্ত করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি।
তিনি আরও বলেন, তার পদত্যাগের প্রায় দুই মাস পর চুক্তিটি সম্পন্ন হওয়ায় সরকারের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে জানার সুযোগ তার ছিল না। আলোচনায় যুক্ত ব্যক্তিদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত বিষয়টি গোপন (নন-ডিসক্লোজার) রাখার সিদ্ধান্ত ছিল। এ কারণে অনেক সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেই আলোচনা করা হয়নি বলে তারা জানিয়েছেন।
এনসিপির মুখপাত্র বলেন, দলটি এ বিষয়টিকে সমালোচনামূলকভাবে দেখছে এবং মনে করে, এনসিপির সঙ্গে আলোচনা না করা ঠিক হয়নি। ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ করার আহ্বানও জানান তিনি।