বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমজাতীয়আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

favicon
ভোরের আলো ডেস্ক:
আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন হবে নিরপেক্ষ এবং জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।


বুধবার (২২ জুলাই) রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের যথাযথ কারণ ছাড়া বরখাস্ত করা উচিত নয়। পাশাপাশি সরকারি ত্রাণ সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ন না হয়।


তিনি আরও বলেন, চেয়ারম্যান ও মেম্বারদের ভাতার বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তা আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করা হবে।


স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্রও আরও শক্তিশালী হবে।


তিনি জানান, চলতি বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারি ত্রাণ যথাযথভাবে বিতরণ নিশ্চিত করারও নির্দেশনা দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আগে ত্রাণ বরাদ্দ এপ্রিল মাসে দেওয়া হলেও এবার থেকে তা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে, যাতে বছরের বাকি সময়ের মধ্যেই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়।