বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমজাতীয়বিদ্যুৎ বিতরণের ৬ কোম্পানি বেসরকারি খাতে দিতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ বিতরণের ৬ কোম্পানি বেসরকারি খাতে দিতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিদ্যুৎ বিতরণে নিয়োজিত ছয়টি কোম্পানিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগত সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।


বুধবার (২২ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সরকার বর্তমানে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনলেও গ্রাহকদের কাছে তুলনামূলক কম দামে বিক্রি করছে। ফলে অর্থনৈতিক চাপ বাড়ছে এবং অর্থ মন্ত্রণালয়েরও সীমাবদ্ধতা রয়েছে।


তিনি জানান, আগের সরকারের সময়ের প্রায় ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বকেয়া এবং চলমান বিদ্যুৎ বিল পরিশোধের উপায় খুঁজতে অর্থ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। বিষয়টি রাষ্ট্রীয় কোষাগারের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন তিনি।


তবে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে বিষয়টি মোকাবিলা করছে।


বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন করে পাইকারি পর্যায়ে সরবরাহ করতে পারে, কিন্তু গ্রাহক পর্যায়ে বিতরণ কার্যক্রম বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হলে সেবার মান, দক্ষতা, স্বচ্ছতা এবং বিল আদায়ের সক্ষমতা আরও বাড়বে। এ লক্ষ্যেই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।