বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমজাতীয়হুথিদের নৌ অবরোধের নিন্দা বাংলাদেশের, সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান

হুথিদের নৌ অবরোধের নিন্দা বাংলাদেশের, সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
হুথিদের নৌ অবরোধের নিন্দা বাংলাদেশের, সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথিদের ঘোষিত নৌ অবরোধের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সরকার বলেছে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।


বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (ইউএনক্লস) অনুযায়ী আন্তর্জাতিক সমুদ্রপথে, বিশেষ করে লোহিত সাগরে, অবাধ, নিরাপদ ও আইনসম্মত নৌ চলাচলের প্রতি বাংলাদেশ দৃঢ় সমর্থন জানায়।


সরকারের মতে, লোহিত সাগর বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সেখানে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত করার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


এ কারণে সব নাবিক, জাহাজ এবং পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা, সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকা এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমে সংকট নিরসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, সংলাপ, কূটনীতি এবং শান্তিপূর্ণ সম্পৃক্ততাই বিরোধ নিষ্পত্তি ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র কার্যকর পথ।